পাবনা প্রতিনিধি: সদর উপজেলার সিংগা রেলস্টেশন সংলগ্ন হাড়িবাড়িয়া সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে বড় বড় গর্ত ও কাদা সৃষ্টি হওয়ায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারে দীর্ঘদিন কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সিংগা রেলস্টেশন সংলগ্ন এই সড়কটি পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাওয়ার প্রধান সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। ফলে রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

বিশেষ করে অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক। বর্ষা মৌসুমে রাস্তার পানি জমে থাকায় অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়, এতে রোগীদের ঝুঁকি ও দুর্ভোগ বাড়ছে।

এলাকায় অবস্থিত শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শ্রমিক ও কর্মকর্তারাও এই সড়ক ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করেন। তাদের সময়মতো কর্মস্থলে পৌঁছানো ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

এছাড়া সিংগা–হাড়িবাড়িয়া, ঝবঝবিয়া–মাহমুদপুর ও পুস্তিগাছা সড়কের বিভিন্ন অংশেও ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়কে যান চলাচল ধীরগতির পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।