দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর গাওয়া অসংখ্য কালজয়ী গান বাংলা সংগীতভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, যা আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। সম্প্রতি তিনি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর সঙ্গে গেয়েছেন বর্তমান প্রজন্মের শিল্পী মোমিন বিশ্বাস। ‘না বলা গল্প’ শিরোনামের এই গানের কথা লিখেছেন প্রকৌশলী সামছুল আলম, আর সুর করেছেন রাজেশ ঘোষ। সাত মিনিটের গানের ভিডিওতে দেখা যাবে সাবিনাকে।

নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘মোমিন আমার স্নেহের একজন শিল্পী, আমার কাছে সে সন্তানের মতোই। এর আগেও তার সঙ্গে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। মোমিন যখন এই গানের কথা ও সুর আমাকে শোনায়, তখন এতটাই ভালো লেগেছিল যে এক বাক্যেই গাইতে রাজি হয়ে যাই। গানের ওপরই সিনেমার গল্প। রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। গানটি ভীষণ মেলোডি নির্ভর। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

মোমিন বিশ্বাস বলেন, ‘কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে যতবারই গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, প্রতিবারই তা এক ধরনের ঘোরের মধ্যে কেটেছে। এখনো সেই অনুভূতিই কাজ করে। তিনি আমাদের দেশের সম্পদ। বাংলা গানকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন, আমরা শ্রোতা হিসেবেই তাঁর কাছে চিরঋণী। তাঁর সঙ্গে গান গাইতে পারা আমার সংগীত জীবনের সেরা অর্জন। আশা করি গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’

এছাড়া নতুন গানের পাশাপাশি বিবাহিত নারীদের জন্য আয়োজিত গানের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন সাবিনা ইয়াসমিন। সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’-এ তাঁর সঙ্গে থাকবেন কনকচাঁপা ও রিজিয়া পারভীন। গত ১২ মে থেকে অনলাইনে এই রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জ, মফস্বল ও শহরে অসংখ্য সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যারা সুযোগের অভাবে সবার সামনে গান গাইতে পারেন না। তাদের জন্যই এই শোর আয়োজন। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে অনেক প্রতিভাবান সংগীতশিল্পী আমরা খুঁজে পাবো।’