ঢাকা অফিস: দেশে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ উদ্যোগের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি পরিকল্পনা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে।

তিনি বলেন, মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত কোনো ধনী শ্রেণির মানুষ নন, বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন। এমন অবস্থায় তাদের ওপর অতিরিক্ত কর আরোপ জনস্বার্থবিরোধী হতে পারে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজস্ব আহরণ বাড়াতে করের আওতা সম্প্রসারণ রাষ্ট্রের জন্য প্রয়োজন হতে পারে। তবে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ন্যায়সংগত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত।

এনবিআর সূত্রে জানা গেছে, প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের মালিকদের বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে। পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাকেও নতুন কর কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করের বাইরে থাকবে। ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত বাইকের ক্ষেত্রে বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা চলছে।