ঢাকা অফিস: দেশের গণমাধ্যম ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে স্বাধীন, দক্ষ ও গ্রহণযোগ্য একটি কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৭ মে) সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি)-এর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম পরিচালনায় শুধু নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি নয়, বরং সব অংশীজনকে সম্পৃক্ত করে একটি প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে।
তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে একটি ধারণাগত ঘাটতি রয়েছে। মালিক, উদ্যোক্তা, সাংবাদিক ও সরকারের মধ্যে গণমাধ্যমকে আধুনিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে সমন্বিত চিন্তার অভাব ছিল, যা কাটিয়ে উঠতে হবে।
বৈঠকে টিইসির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু, একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টিভির বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনসহ শীর্ষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে টেলিভিশনের জন্য একটি পৃথক বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের দাবিও জানান সংগঠনের নেতারা।

Leave a Reply
You must be logged in to post a comment.