পাবনার চাটমোহরে দিনের বেলায় ব্যস্ততম মার্কেট এলাকায় একটি জুয়েলার্স দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরির ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তামিম জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক তৌহিদুল ইসলাম জানান, দুপুরের খাবারের জন্য কিছু সময়ের জন্য দোকান বন্ধ করে বাইরে যান তিনি। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন দোকানের তালা ও সিন্দুক ভাঙা। এ সময় দোকানে থাকা প্রায় সাড়ে চার ভরি স্বর্ণ এবং বিপুল পরিমাণ রুপার অলংকার খোয়া যায়, যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকারও বেশি।
তিনি বলেন, “খাবার খেতে গিয়ে অল্প সময়ের মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। ফিরে এসে দেখি সব শেষ।”
ঘটনার খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে প্রাথমিকভাবে ৬ সদস্যের একটি চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, “সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের ছবি সংগ্রহ করা হয়েছে। জনসাধারণের সহায়তা নিয়ে দ্রুতই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।”
এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সন্দেহভাজনদের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হচ্ছে। কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, মির্জা মার্কেটের আশপাশে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অনেক অপরিচিত মানুষের যাতায়াত থাকে। বিশেষ করে পাশের একটি হোটেলকে কেন্দ্র করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে। ফলে চুরির ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করছেন অনেকে।
উল্লেখ্য, এর আগেও ২০১৩ সালে চাটমোহর পৌর সদরের দোলবেদীতলা এলাকায় একটি জুয়েলার্স দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাত দল অস্ত্রের মুখে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

Leave a Reply
You must be logged in to post a comment.