বিশেষ প্রতিবেদক, পাবনা: পাবনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখা ও যত্রতত্র ফেলে পরিবেশ দূষণের দায়ে একটি নির্মাণাধীন ভবনের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ নভেম্বর) পাবনা সদর উপজেলার ছাতিয়ানী এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের মালিক রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ ও যত্রতত্র ফেলে রাখার মাধ্যমে বায়ুদূষণ করছিলেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.