পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দোগাছিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘সাঈদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দোগাছি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ গেট থেকে কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবিতে মশাল মিছিলটি বের হয়। পরে মিছিলটি দোগাছি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলকারীদের হাতে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে দাবি পুলিশের। মিছিল চলাকালে সড়কের দুই পাশে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের বাধা দেয়নি পুলিশ। মিছিল শেষ হওয়ার পর পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দোগাছিতে মিছিল হওয়ার খবর পেয়ে দোগাছি বাজারে পুলিশের দুটি টহল দল এবং নলদাহ বাজারে একটি টহল দল পাঠানো হয়। এর মধ্যেই হঠাৎ দোগাছি বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল মিছিল শুরু করে।
তিনি বলেন, ঘটনাস্থলে তখন ১৪ থেকে ১৫ জন পুলিশ সদস্য ছিলেন। মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের হতাহতের আশঙ্কা থাকায় পুলিশ সরাসরি বাধা না দিয়ে অতিরিক্ত ফোর্সের জন্য খবর দেয়। পরে সিআরটি, ডিবি ও পুলিশ লাইন থেকে প্রায় ১৫০ সদস্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। তবে অতিরিক্ত পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

Leave a Reply
You must be logged in to post a comment.