চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বালুভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার আফ্রাতপাড়া এলাকার শাপলা ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক মোড় ঘোরার সময় চাকা রাস্তার পাশের খাদে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের পুকুরে পড়ে। ট্রাকের বালুর ওপর বসে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। ট্রাক উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বালু ও ট্রাকের নিচে চাপা পড়েন।
এ সময় মোড়ের চায়ের দোকানি বক্কার প্রামাণিকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহতরা হলেন সিরাজগঞ্জের বাগাবাড়ি এলাকার আব্দুর বারেক (৫০), মোজাম্মেল হক (৫০), মজিদ আলী ফকির (৫২), মোক্তার প্রামাণিক (৬৫) ও ফয়েজ উদ্দিন (৪৫)।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শাকিলা খাতুন জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছেন। কয়েকজনকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে গুরুতর কোনো জটিলতার আশঙ্কা করছেন না তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.