জিয়াউর রহমান, ফরিদপুর: পাবনার ফরিদপুর উপজেলায় নিজ ঘর থেকে মিষ্টি খাতুন রিয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিষ্টি খাতুন রিয়া নারায়ণপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং প্রবাসী রিপনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানিয়েছে, মরদেহ হিমাগারে রাখা হবে এবং রোববার (২২ নভেম্বর) ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply
You must be logged in to post a comment.