দর্পণ ডোক্স: পাবনার চাটমোহর উপজেলা পরিষদ শিশু পার্কে ধূমপান করার অপরাধে তিন যুবককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২১ নভেম্বর) শিশু পার্কে ধূমপানরত অবস্থায় তাদের আটক করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান জানান, শিশু পার্ক একটি পাবলিক প্লেস এবং শিশুদের নির্মল বিনোদনের অন্যতম স্থান। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পার্কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিশুদের নিরাপত্তা, সুস্থ বিনোদন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, এলাকাবাসীসহ সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।