পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ আগস্ট মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশরাফ আলী। পাবনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৯ আগস্ট ফরিদপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছেন মনজুরুল হাসান মাসুদ। তাঁর নেতৃত্বে নিখোঁজ ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে সাফল্য পেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন ওসি। এর অংশ হিসেবে শুরু হয় নিয়মিত অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
২৪ ঘণ্টায় নিখোঁজ তরুণী উদ্ধার
গত ২৪ সেপ্টেম্বর উত্তর থানাপাড়ার মো. জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় জিডি (নং-১৫৬০) করা হয়। ওসির তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে, ২৫ সেপ্টেম্বর তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
চরাঞ্চলে অভিযান, তাজা গুলি ও অস্ত্র উদ্ধার
গত ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, একটি চাপাতি, একটি রামদা ও তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে অভিযোগ, দুর্গম চরাঞ্চলে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান চালাচ্ছে পুলিশ। গত ৬ অক্টোবর ডেমড়া ও রতনপুর এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামি শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানেও সাফল্য
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ৫ অক্টোবর এক পুরিয়া গাঁজাসহ মোমিন প্রাংকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারভুক্ত আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর ওসির দ্রুত পদক্ষেপ ও ধারাবাহিক অভিযান ফরিদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনছে। বিশেষ করে চরাঞ্চলে অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশের তৎপরতা প্রশংসিত হচ্ছে।
এদিকে, জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষের মধ্যে তাঁকে নিয়ে প্রত্যাশা বেড়েছে। তাঁর পেশাদারিত্ব, সাহসিকতা ও অপরাধ দমনে ভূমিকার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে পিপিএম পদক প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়দের অনেকে।
ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply
You must be logged in to post a comment.