জিয়াউর রহমান, ফরিদপুর: পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকার জন্য মোছাঃ শিল্পী খাতুন (৩৮) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (১৭ নভেম্বর ২০২৬) ভোরে ফরিদপুর থানাধীন বৃ-লাহিড়ীবাড়ী (বিএলবাড়ি) ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিল্পী খাতুন ওই গ্রামের মোঃ বাহাদুর পাগলার মেয়ে এবং অভিযুক্ত জহুরুল ইসলাম একই এলাকার মৃত কালুর ছেলে। তিনি বিভিন্ন হোটেল ও কৃষি কাজ করে সংসার চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল অনুমান সাড়ে ৫টার দিকে অভিযুক্ত জহুরুল ইসলাম তার স্ত্রী শিল্পী খাতুনের কাছে নেশাজাতীয় দ্রব্য ক্রয়ের জন্য টাকা দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে জহুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই শিল্পী খাতুনের মৃত্যু হয়। নিহত গৃহবধূ ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ঘটনার সময় তাদের ৭ বছরের শিশুকন্যা মিথিলা চিৎকার করলে তাকেও মেরে ফেলার হুমকি দেন অভিযুক্ত স্বামী। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত জহুরুল এর আগেও বিভিন্ন সময় ভিকটিমকে নির্যাতন করে মেরে ফেলার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামী জহুরুল ইসলামকে গ্রেফতারে পুলিশ ও সোর্স নিয়োগ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জোর তদন্ত চলছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.