চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলার ফৈলজানা পূর্বপাড়া এলাকার মোঃ নান্নু (৫০) ও মোঃ শাকিল আহমেদ (২৪)।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা নীল রঙের জিপার প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মধ্যে প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চাটমোহরসহ আশপাশের এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চাটমোহর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.