জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় রূপপুরের প্রথম ইউনিট, আজ পরীক্ষামূলকভাবে আসছে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ
পাবনা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় সক্ষমতা যাচাই করা হবে। কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর আবার সংযোগ বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে যুক্ত করা হবে কেন্দ্রটি।
প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, পরীক্ষামূলক সংযোগের অর্থ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এরই মধ্যে রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে সম্ভাব্য ত্রুটি ও জটিলতা শনাক্ত করতেই এই পরীক্ষামূলক সংযোগ দেওয়া হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের পথ তৈরি হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। এরপরও চলবে বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাই। পূর্ণ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। সংযোগের সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাঁদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্থাটির ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর সরেজমিন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এ মূল্যায়ন তুলে ধরা হয়।
প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে কেন্দ্র করে আনুষ্ঠানিক আয়োজনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। সে ক্ষেত্রে ২১ নভেম্বরের আগে অথবা পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের আয়োজন হতে পারে।
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে স্থান পাবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে পারমাণবিক জ্বালানির অধিকারী দেশের তালিকায়ও যুক্ত হয় বাংলাদেশের নাম।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। এদিকে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার কথা রয়েছে।
বিশেষজ্ঞদের প্রত্যাশা, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি লোডশেডিং কমানো, জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে মেয়াদ বাড়লেও রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী ইউরো বা ডলারে ঠিকাদারি ব্যয় বাড়েনি। স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার হিসাবে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

Leave a Reply
You must be logged in to post a comment.