ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় শুটার গান উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আওতাপাড়া সায়েরপাড়া এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার আমরুল প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ের ভেতরে একটি শুটার গান পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, বাঁশঝাড় থেকে উদ্ধার করা অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পরিত্যক্ত অস্ত্র হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উদ্ধার হওয়া অস্ত্রটি কার, কোথা থেকেই বা এলো, তা নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।