পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসার অভিযোগে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চক্রের আরও দুই সদস্যকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্যের ভিত্তিতে ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে চার সদস্যের একটি দল সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চক্ষু চিকিৎসার কার্যক্রম পরিচালনা করছিল। তারা বেড়া উপজেলার লাইসেন্সবিহীন ‘বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর পক্ষে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন এবং ব্যবস্থাপত্র প্রদান করছিলেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
পরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক ও বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম এবং ভুয়া চিকিৎসক মো. আকবর আলীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া ওই দলের সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভুয়া চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.