পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রোববার (১৫ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও এনএসআই পাবনার গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।

অভিযানে আটক পাঁচজন হলেন হাবিল মণ্ডল (৬৫), বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) ও ওয়ারেস (৪০)। ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া হাফিজুর রহমান মাহফুজ (৪০) নামের অপর একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে এ অভিযানকে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।