চাটমোহরের কৃতি সন্তানকে দেওয়া হলো উদ্বোধনী ট্রেন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব

দর্পণ ডেক্স: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে পাবনা-ঢাকা রুটের কাঙ্ক্ষিত আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। আর এই ঐতিহাসিক যাত্রার উদ্বোধনী ট্রেন পরিচালনার দায়িত্ব পেয়েছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান কাজী মনিরুল ইসলাম, যিনি কাজী মিলন নামেই পরিচিত।

রেল ভবনের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী উদ্বোধনী আন্তঃনগর পাবনা প্রভাতী এক্সপ্রেস পরিচালনার দায়িত্ব পালন করবেন কাজী মিলন। দীর্ঘ ২২ বছরের রেলওয়ে চাকরিজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই কর্মকর্তা বর্তমানে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের কারণে সংশ্লিষ্ট মহলে সুপরিচিত।

কাজী মিলন চাটমোহর পৌর সদরের ঐতিহ্যবাহী কাজী বাড়ির মরহুম কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। কর্মজীবনে তিনি শুধু দায়িত্বশীল রেল কর্মকর্তা হিসেবেই নয়, সহকর্মীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণেও ভূমিকা রেখেছেন। তিনি কেন্দ্রীয় গার্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সারাদেশের রেলওয়ে গার্ডদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা ও দক্ষতার স্বাক্ষর রাখা কাজী মিলনের ওপর এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় চাটমোহরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

এ গৌরবময় দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী মিলন। পাশাপাশি নতুন এই যাত্রা নির্বিঘ্ন ও সফল করতে তিনি চাটমোহরবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সরাসরি রেল যোগাযোগের উদ্বোধনী যাত্রায় চাটমোহরের সন্তান কাজী মিলনের দায়িত্ব পালন নিঃসন্দেহে স্থানীয় মানুষের জন্যও গর্বের বিষয় হয়ে থাকবে।