পাবনা প্রতিনিধি: পাবনায় ফুটবল খেলতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুমন (২৩) নামে এক তরুণ ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আতাইকুলা থানার কুচিয়ামোড়া বাজারের সন্ন্যাসীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের রেজাউলের ছেলে। তিনি পাবনা জেলা দলের একজন খেলোয়াড় ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে সুমন জালালপুর থেকে করিমনযোগে আতাইকুলা থানার শ্রীকোল-সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলতে যাচ্ছিলেন। পথে কুচিয়ামোড়া বাজারের সন্ন্যাসীতলা এলাকায় পৌঁছালে করিমনের সামনে হঠাৎ একটি অটোভ্যান চলে আসে। এ সময় চালক দ্রুত ব্রেক করলে করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

তরুণ এই ফুটবল খেলোয়াড়ের আকস্মিক মৃত্যুতে সহকর্মী খেলোয়াড় ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।