পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ মোছা. রিমা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। একই দিনে পৃথক অভিযানে আরও পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামে অভিযান চালিয়ে রিমা খাতুনকে তাঁর ভাড়াকৃত বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি পাবনা ঈশ্বরদী সার্কেলের উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় উপপরিদর্শক শের আলম বাদী হয়ে গ্রেপ্তার রিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার ও মো. আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। পাবনা সদর উপজেলার লস্করপুর ও টার্মিনাল এলাকা এবং ঈশ্বরদীর আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদকস্পট থেকে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার দক্ষিণ চর রামচন্দ্রপুর গ্রামের মো. নান্নু (৫৬), জহিরপুর গ্রামের মো. সেলিম রেজা (৪০), রাজাপুর গ্রামের মো. ইকবাল (৩২), মালিগাছা গ্রামের মাহফুজ রায়হান (২৮) এবং ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের মো. আলী (৪০)।

ডিএনসির পরিদর্শক তারেক মাহমুদ, মো. আব্দুর রহিম এবং উপপরিদর্শক মো. জামালুর রহমান ও সোহান ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, নভেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধে জড়িত মোট ৫১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।