সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। বিস্ফোরক মামলার আসামি ওই দুই নেতাকে আটকের পর আদালতে পাঠানো হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুজনই উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে অভিযান চালিয়ে তাদের আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তাদের আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”
পুলিশ জানায়, আটক দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Leave a Reply
You must be logged in to post a comment.