পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে সেসবের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে আলোচিত ভাঙ্গুড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুকেশ কুমারকে আটক করতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ সময় তার প্রতিবেশী ভাতিজা পেশায় নাপিত নরেশ কুমারকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সোমবার (তারিখ) রাত ১২টার দিকে উপজেলার কৈডাঙা গ্রামে সুকেশ কুমারের বাড়িতে এ অভিযান চালানো হয়। নরেশ ঐ গ্রামের কৃষ্ণ হালাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গুড়া সদর ইউনিয়নের সভাপতি সুকেশ কুমার বিভিন্ন সময়ে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পরিচালনা করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করতেন তিনি। সম্প্রতি দেশব্যাপী ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তাকে আটক করতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যান। পরে পুলিশ তার প্রতিবেশী ভাতিজা নরেশ কুমারকে আটক করে। নরেশ পেশায় একজন নাপিত। উপজেলার কলেজ পাড়া এলাকায় তার একটি সেলুন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সুকেশ ও নরেশ পাশাপাশি বাড়িতে বসবাস করেন। সুকেশ মাঝেমধ্যে নরেশের সদ্য নির্মিত বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার অসুস্থতা উপলক্ষে ওই বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ভিডিওটির সূত্র ধরে বাড়িটির অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
কলেজপাড়া নরেশের সেলুনের পাশের কয়েকজন ব্যাবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, নরেশ তার সেলুনের দোকানে এক দশক ধরে নাপিতের কাজ করে আসছেন। তাকে তারা কখনো রাজনীতি করতে দেখেন নাই। মূলত পুলিশি ঝামেলা এড়াতে তারা তাদের পরিচয় প্রকাশ করতে প্রতিবেদককে নিষেধ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেই কথা হয় ভাঙ্গুড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুকেশের সাথে, তিনি বলেন, নরেশ আমার প্রতিবেশী কোন সহযোগী বা আমার কোন কর্মীও নয়। সে পেশায় একজন নাপিত। সম্প্রতি একটি প্রার্থনার অনুষ্ঠানের জন্য তার সদ্য নির্মিত প্রায় ফাঁকা রুমে প্রসাধ খেয়েছিলাম। সেই কারনেই পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এটা অন্যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, যেকোনো ধরনের নাশকতা ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে ভাঙ্গুড়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফেসবুকে প্রচারিত সুকেশ কুমারের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ যাচাই-বাছাই শেষে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ সময় তার সহযোগী নরেশকে আটক করে থানায় থাকা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.