পাবনা প্রতিনিধি: রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর ম র দে হ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বা-স-রো-ধে হ-ত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আমিনুর রহমানকে আটক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।উত্তরখান থানার এসআই নিসার আলী তিতুমীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন। এ ঘটনায় আমিনুরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উত্তরখান থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের চাচা সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুরের সঙ্গে ইমার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন। উচ্চশিক্ষার জন্য তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল। ইমা পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো সুযোগের আশায় সাত-আট মাস আগে তারা ঢাকায় আসেন। এরপর ইমা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সাইফুল ইসলাম আরও জানান, ইমার গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ইমা ছিলেন সবার ছোট। স্বামীর সঙ্গে তিনি উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা ভবনের নবম তলার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।