চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। প্রধান অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ফুলচাঁদ হোসেন শামীম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশের ইতিহাস, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও চাটমোহর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.