মোঃ সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুর রহমান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. পিন্টু।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.