দর্পণ ডেক্স: পাবনার চাটমোহরে পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন ও উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন ও চাটমোহর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

তবে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে বহাল করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।