পাবনা প্রতিনিধি: মাদক ব্যবসার প্রতিবাদ করায় ৮০ বছরের বেশি বয়সী এক বৃদ্ধকে নারী কেলেঙ্কারির অভিযোগে ফাঁসিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা।
বুধবার (৪ নভেম্বর) পাবনা সদর উপজেলার কালিকাপুর এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এলাকায় মাদক ব্যবসা ও চুরির ঘটনার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাঁদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল কালাম আজাদের ছেলে ওমর ফারুক অভিযোগ করেন, প্রতিবেশী শাকিল, পাভেল ও সম্রাটের একটি চক্রের মাদক ব্যবসায় এলাকার মানুষ অতিষ্ঠ। ওই এলাকায় প্রায়ই চুরির ঘটনাও ঘটে। তাঁদের বাড়িতেও একাধিকবার চুরি হয়েছে।
তিনি বলেন, গত ২ নভেম্বর তাঁর বাবা ওই চক্রের মাদক ব্যবসা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। একই সঙ্গে এলাকায় আবার চুরির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের দায়ী করা হবে বলেও সতর্ক করেন। এর পরদিন ৩ নভেম্বর অভিযুক্তরা স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে তাঁর বাবার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসংক্রান্ত অভিযোগ তোলেন বলে দাবি করেন তিনি।
ওমর ফারুকের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক পরিচয়ের তকমা ব্যবহার করে তাঁর ৮০ বছরের বেশি বয়সী বাবার বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সামাজিকভাবে তাঁদের পরিবারকে হেয় করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবুল কালাম আজাদ, তাঁর ভাই হাজী আবুল কাশেম, ছেলে আব্দুস সাত্তারসহ পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত শাকিল, পাভেল ও সম্রাটের বক্তব্য জানতে তাঁদের এলাকায় গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Leave a Reply
You must be logged in to post a comment.