ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মো. নয়ন হোসেন (২০) নামে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে। পরে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী নয়ন হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত নয়ন হোসেন (২০) পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমশের আলিফের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম নিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.