ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে তিনটির চিমনি ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। এ সময় ইটভাটাগুলোকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল ইসলাম। অভিযানে উপজেলার সাতটি ইটভাটা পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মোট ৩০ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পাবনা জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশদূষণ রোধে অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.