পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং দালালচক্রের তৎপরতা বন্ধে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে এনএসআই পাবনার গোপন তথ্যের ভিত্তিতে এবং সংস্থাটির সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে ইদ্রিস মণ্ডল, কিসমত প্রতাপপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে সুজন আলী, হেমায়েতপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে জাকির হোসেন এবং একই এলাকার চাঁদ আলীর ছেলে মাসুদ রানা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে সংস্থাটির ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের তৎপরতা ও রোগী-স্বজনদের হয়রানি বন্ধে এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.