চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১৪৭ জন। পাসের হার ৩০ শতাংশ। তবে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৩৮ জন অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৩০ জন। বাকি ৭০ জনই উত্তীর্ণ হতে পারেননি।
উপজেলার সাতটি কলেজের সামগ্রিক ফলাফলেও চাটমোহর সরকারি কলেজের চিত্র হতাশাজনক। উপজেলার মোট ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৫৩ জন। গড় পাসের হার ৩৩ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৮ জন।
উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাটমোহর সরকারি কলেজের এমন ফলাফল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি করেছে। কলেজটির ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.