পাবনা প্রতিনিধি: পাবনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির জন্য প্রদর্শন ও মজুদ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) পাবনা সদর উপজেলার বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোজাম স্টোর ও সেলিনা এন্ড সন্স স্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন পরিচালনা করেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।