পাবনা প্রতিনিধি: পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুসংলগ্ন সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকেলে কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতি বিলে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হতে থাকে। প্রাণ বাঁচাতে তাঁরা পাশেই থাকা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। কিন্তু কিছুক্ষণ পর ওই ঘরেই বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।