মেহেদী হাসান (ভাঙ্গুড়া): ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির উপজেলা শাখা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ডা. মাওলানা মহির উদ্দিন। তিনি খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শাখার নায়েবে আমির মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আহমদ হালিম মাজহার নূর, যুব বিভাগের সভাপতি আবু সাদিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরৎ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মৃতি জাতির কাছে গুরুত্বপূর্ণ। এ ঘটনার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।