পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমির ফকির (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আমিনপুর থানাধীন দুর্গানগর কাজিপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দুর্গানগর কাজিপাড়া এলাকার নুহু কাজীর মেহগনি বাগানের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমির ফকিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত কালো ট্রাউজারের সামনের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আমির ফকির আমিনপুর থানার দুর্গাপুর কাজিপাড়া এলাকার আফজাল ফকিরের ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রির কথা জানিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী আমিনপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.